
একের ভেতর তিন: সিলিন্ডার গ্যাসের বোতল-জ্বালানি তেল ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য-অভিযানেও নিয়ন্ত্রণহীন বাজার
হেলাল শেখঃ একের ভেতর তিন: রাজধানী ঢাকাসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় গ্যাসের সিলিন্ডার বোতল, জ্বালানি তেল ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে এসব বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান চললেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
গত চার দিন ধরে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকা সাভার ও আশুলিয়ায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, সয়াবিন ও সুপারসহ বিভিন্ন ভোজ্য তেল মজুদ রেখে বাজারে সংকট সৃষ্টি করা হচ্ছে। এই সুযোগে প্রতি লিটার তেলের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে, বিভিন্ন তেল পাম্পে ডিজেল ও পেট্রোল মজুদ রেখে কৌশলে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। ফলে পাম্পগুলোতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে, এতে নিত্যপণ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে।
এছাড়াও এলপিজি গ্যাস সিলিন্ডার ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা আগের তুলনায় ৫০০ থেকে ৭০০ টাকা বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলেও কেন বাজারে এমন অস্থিরতা বিরাজ করছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে-এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।