আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

জনপদের খবর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদক তুলে দেবেন।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এছাড়া মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন, গবেষণা ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), অধ্যাপক জহুরুল করিম, আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), হানিফ সংকেত, বশীর আহমেদ (মরণোত্তর), জোবেরা রহমান (লিনু), ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), কাজী ফজলুর রহমান (মরণোত্তর), মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং আবদুল মুকিত মজুমদার।

অন্যদিকে, পাঁচটি প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এগুলো হলো—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

সরকারি সূত্র জানায়, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *