বগুড়ার উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে: আতিকুর রহমান রুমন

ঐক্যবদ্ধ থাকার আহ্বান, সিটি করপোরেশন ঘোষণার সম্ভাবনা ২০ এপ্রিল

জনপদের খবর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, বগুড়ার সার্বিক উন্নয়নে যা যা করা সম্ভব, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তবে এ উন্নয়ন ত্বরান্বিত করতে বগুড়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে শহরের পৌরপার্কে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান রুমন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার কৃতি সন্তান। তাঁর নেতৃত্বে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত এই জেলার চিত্র পাল্টে যাবে।” তিনি আরও বলেন, গত ১৭ বছরে বগুড়ার মানুষের অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে, এখন সেই অধিকার পুনরুদ্ধারের সময় এসেছে।

তিনি জানান, বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন পেয়েছে এবং আগামী ২০ এপ্রিল তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

এছাড়া বগুড়ার উন্নয়নে বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ, ঢাকা-সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন স্থাপন এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা, এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাইন, শহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বগুড়ার উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *