ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ধানক্ষেত পাহারা দিতে গিয়ে প্রাণ গেল ছাবের আহমেদের

জনপদের খবর
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ (৬৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের পাদদেশে নিজের বোরো ধানক্ষেতে রাতভর পাহারা দিচ্ছিলেন ছাবের আহমেদ। এলাকাটি বন্য হাতির বিচরণক্ষেত্র হওয়ায় তিনি আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন। ভোরের দিকে হঠাৎ একটি বন্য হাতি পাহাড় থেকে নেমে ধানখেতে ঢুকে পড়ে।

হাতিটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি ক্ষিপ্ত হয়ে ছাবের আহমেদকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাশের একটি মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ জানান, ভোরের আজানের আগে হাতির গর্জন শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি কৃষকের নিথর দেহ দেখতে পান। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় কৃষক জামাল উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়েছে। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছেন।

বন বিভাগ জানিয়েছে, পাহাড়সংলগ্ন এলাকায় খাদ্যের অভাবে হাতির লোকালয়ে প্রবেশের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা মানুষ-হাতি সংঘাতকে তীব্র করছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, “ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ নিহত হয়েছেন। বন বিভাগের পক্ষ থেকে তার পরিবারকে সহায়তা দেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *