গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ময়লার গাড়ি থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ

হেলাল শেখঃ গাজীপুর ও সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা-বাড়ির ময়লা অপসারণকারী গাড়ির মালিকদের কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে।

গত এক সপ্তাহে সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, পূর্বে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ময়লার গাড়িসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করতো। বর্তমানে বিএনপি সরকার গঠনের পর একই ধরনের অভিযোগ উঠেছে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধেও। তারা ময়লার গাড়ি ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। সেই সাথে ঝুট ও নেট ব্যবসা দখল করছে, কেউ তাদের বাঁধা দিলেই গুলাগুলি করা হয়।

এলাকাবাসীর দাবি, আইন-শৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়ে দু-একজনকে আটক করলেও অধিকাংশ চাঁদাবাজ ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

এ বিষয়ে দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য, ঘোষণা দিয়েছেন-সাভার-আশুলিয়ায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবার বরদাস্ত করা হবে না। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে স্থানীয় অনেক ভুক্তভোগীর অভিযোগ, এমপির এই ঘোষণাকে উপেক্ষা করে এখনও অনেকেই প্রকাশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ যেন চোর পুলিশের খেলা শুরু হয়েছে।

অন্যদিকে, গাজীপুর ও সাভার-আশুলিয়া সংশ্লিষ্ট থানা পুলিশের দাবি-নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *