আশুলিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬

হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা-২০২৬”।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২১ মে পর্যন্ত। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদানের লক্ষ্যে বিভিন্ন তথ্য ও সেবা বুথ স্থাপন করা হয়েছে। মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে- “ভূমি উন্নয়ন কর দিন, নিয়ম মেনে ভূমির মালিকানা রাখুন নিরাপদে।”

মেলায় নামজারি, জমাখারিজ, খতিয়ান (পর্চা), জমির ম্যাপ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও নাগরিকদের অনলাইনে ভূমিসেবা গ্রহণে উৎসাহিত করতে ডিজিটাল সেবার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

জানা যায়, দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানা সরকারি স্বীকৃতি পায়। নামজারি না করলে জমি ক্রয়-বিক্রয়, দান বা হেবা, ভবনের প্ল্যান অনুমোদন এবং ব্যাংক ঋণ গ্রহণসহ নানা জটিলতার সৃষ্টি হতে পারে। মেলায় আগত সেবা গ্রহীতাদের ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধের জন্য land.gov.bd⁠ পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। একইসাথে ভূমি বিষয়ক যেকোনো অভিযোগ বা পরামর্শের জন্য ১৬১২২ নম্বরে কল করার আহ্বান জানানো হয়েছে।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, “জনগণের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন।”

তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত প্রবাসীরাও +৮৮ ০৯৬১২৩ ১৬১২২ নম্বরে যোগাযোগের মাধ্যমে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *