
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে অস্থায়ী গরুর হাট দখলকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।
ঘটনার বিষয়ে তিনি একটি ভিডিও বার্তায় প্রতিবাদ জানিয়ে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ও তার অনুসারীদের জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর অস্থায়ী গরুর হাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।