সাভারে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর মাদক সন্ত্রাসীদের নৃশংস হামলা, হাসপাতালে দেখতে গেলেন এমপি বাবু

জনপদের খবর

হেলাল শেখঃ

তারিখ: শনিবার, ২৩ মে, ২০২৬ | সময়: সকাল ১০:০৫

সাভার: ঢাকার সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে মাদক কারবারি ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন তিন গণমাধ্যমকর্মী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের আলহাজ্ব এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার (২২ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধীন এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিনকে দেখতে ছুটে যান ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

আহত সাংবাদিকদের দেখে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবু বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য এক বড় হুমকিস্বরূপ। সাভারের মাটিতে কোনো সন্ত্রাসী বা মাদক কারবারির ঠাঁই হবে না। আমি প্রশাসনের কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছি, অনতিবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা, আহত ৩

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন মহল্লায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর মাঠপর্যায়ে তথ্য ও সংবাদ সংগ্রহ করতে যান তিন গণমাধ্যমকর্মী। সংবাদ সংগ্রহের একপর্যায়ে ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি শামীম ও তার সহযোগীরা অতর্কিতে সাংবাদিকদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাদের সঙ্গে থাকা একজন ক্যামেরা পারসনও (ফটো সাংবাদিক) সন্ত্রাসীদের পিটুনিতে মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সাংবাদিক সাদ্দাম হোসেন ও তুহিন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

এদিকে, সাভারে মাদক সন্ত্রাসীদের হাতে সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাতেই হাসপাতালে ছুটে যান ঢাকার বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা। এই ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাভার ও আশুলিয়া অঞ্চলের সাংবাদিক নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে মূল হামলাকারী শামীম ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *