
জনপদের খবর
ঝিনাইদহ প্রতিনিধি
তারিখ: সোমবার, ২৫ মে, ২০২৬ | সময়: দুপুর ০১:৪০
ঝিনাইদহ: ঝিনাইদহে জাতীয়তাবাদী ছাত্রদলের দায়ের করা একটি মামলায় গ্রেফতার এনসিপির (NCP) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অবশেষে আদালত থেকে জামিন পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।
তবে একই মামলায় গ্রেফতার হওয়া যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
আদালত ও আইনজীবী সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি তারেক রেজা ও অয়ন রহমানের জামিন চেয়ে আবেদন করেন তাদের পক্ষের আইনজীবীরা। আদালতে উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে মামলার সার্বিক দিক বিবেচনা করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় এনসিপি নেতা তারেক রেজার জামিন আবেদন মঞ্জুর করেন। কিন্তু যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারেই রাখার নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
এর আগে, গতকাল রোববার (২৪ মে) সন্ধ্যায় এই দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। তখন বাদী ও বিবাদী পক্ষের প্রাথমিক যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের প্রেক্ষিতে তারা জেলা কারাগারেই ছিলেন। আজ সকালে জামিন আদেশের পর কারা কর্তৃপক্ষ তারেক রেজার রিলিজ অর্ডার (মুক্তির আদেশ) হাতে পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে তাকে কারামুক্ত করে।
কারাগার থেকে বেরিয়ে আসার পর স্থানীয় নেতাকর্মী ও অনুসারীরা তাকে স্বাগত জানান। এই মামলা ও গ্রেপ্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তাপ ও আলোচনা বিরাজ করছিল।