
জনপদের খবর প্রতিবেদক: সাংবাদিক আল আমিন কাজী | ঢাকা তারিখ: শনিবার, ৩০ মে, ২০২৬ | সময়: বিকেল ০৩:৪৫ —
ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার ও একে অপরকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
রাস্তায় সাধারণ মানুষের জনদুর্ভোগের কথা বিবেচনা করে এদিন নিজের বক্তব্য ও কর্মসূচি সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যেহেতু আজকের এই অনুষ্ঠানটি রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, ফলে সাধারণ মানুষের চলাচলে সাময়িক কষ্ট হচ্ছে। সেজন্য আমরা প্রোগ্রামটি একটু সংক্ষিপ্ত করেছি।”
সমাজে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা অঙ্গীকার করি, সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।”
তিনি আরও বলেন, “আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে, একজন নাগরিক হিসেবে তাদের সাহায্য ও সহযোগিতা করব।”
শিগগিরই সাংগঠনিক বিষয়ে বসার ইঙ্গিত দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নেতাকর্মীদের আশ্বস্ত করে খুব দ্রুতই একটি সাংগঠনিক বৈঠকের ইঙ্গিত দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, “ইনশাআল্লাহ সাংগঠনিক নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আপনারা যারা আছেন, সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুতই আরেকদিন বসব। সেদিন আমরা বসে আলোচনা করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেসব বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করব।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড় ও খাবার বিতরণ করা হয়।
রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা উদ্বোধন এর আগে, আজ বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আরেকটি কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।