বিএনপিতে ‘হাইব্রিড’ নেতাকর্মীদের ভিড়, ত্যাগীরা অবহেলিত: আশুলিয়ায় মহিলা দল নেত্রী রিনা আক্তারের ক্ষোভ

জনপদের খবর

হেলাল শেখঃ  | আশুলিয়া (সাভার)

তারিখ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আশুলিয়া (সাভার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুদিনে এসে দলে যোগ দেওয়া তথাকথিত “হাইব্রিড” নেতাকর্মীদের কঠোর সমালোচনা করেছেন আশুলিয়া থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রিনা আক্তার। সুবিধাবাদীদের কারণে দলের প্রকৃত ও দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।

এক বিবৃতিতে রিনা আক্তার তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত ১৭ বছরের দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে হাতে গোনা কয়েকজন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়া কাউকে মাঠে দেখা যায়নি। পুলিশি নির্যাতন ও মামলা-হামলার ভয় উপেক্ষা করে তারাই দলটিকে টিকিয়ে রেখেছিলেন। অথচ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর দল যখন সুদিনের সুবাতাস পাচ্ছে, ঠিক তখনই অসংখ্য হাইব্রিড নেতাকর্মীর ভিড় জমেছে।”

তিনি অভিযোগ করে আরও বলেন, এই সব সুবিধাবাদী ও উড়ে এসে জুড়ে বসা ব্যক্তিদের অতিউৎসাহী তৎপরতার কারণে দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা এখন শীর্ষস্থানীয় নেতাদের কাছে সহজে পৌঁছাতে বা দেখা করতে পারছেন না, যা অত্যন্ত দুঃখজনক।

‘সন্ত্রাসী-চাঁদাবাজদের স্থান সাভার-আশুলিয়ায় হবে না’

মহিলা দল নেত্রী রিনা আক্তার স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতাদের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, “ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাহেব স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে— সাভার ও আশুলিয়ার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, কিশোর গ্যাং কিংবা মাদক কারবারির স্থান হবে না। দলের নাম ভাঙিয়ে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” এসব অপকর্মের সাথে জড়িত ব্যক্তিরা পরিবার, সমাজ, দেশ ও জাতির চরম শত্রু বলে মন্তব্য করেন তিনি।

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিবৃতিতে রিনা আক্তার দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ব্যক্তিগতভাবে তিনি স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং বিশিষ্ট বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লবের নেতৃত্বকে মনে-প্রাণে সম্মান ও শ্রদ্ধা করেন।

তিনি অভিযোগ করেন, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করতে এবং শীর্ষ নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে নানামুখী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই ধরণের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আশুলিয়া থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রিনা আক্তারসহ স্থানীয় সকল স্তরের দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *