
জনপদের খবর
শনিবার, ৩০ মে ২০২৬ | সময়: ০৩:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অবৈধ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ শনিবার (৩০ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল চারটার দিকে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে অটোরিকশাটি থেকে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা সমমূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ারগুলো ‘বিআইএ সাইগন লেগার’ (BIA Saigon Lager) ব্র্যান্ডের বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ঘটনাস্থল থেকেই অটোরিকশায় থাকা দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করে অভিযানিক দল। একইসঙ্গে মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত বিদেশি বিয়ার, জব্দকৃত অন্যান্য আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে অবৈধ মাদকের বিস্তার রোধে এবং জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”