
জনপদের খবর
আন্তর্জাতিক ডেস্ক
তারিখ: শনিবার, ২৩ মে, ২০২৬ | সময়: সকাল ০৯:৪১
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের স্টেটিন আইল্যান্ডের একটি ড্রাই ডকে (জাহাজ মেরামতের স্থান) অগ্নিকাণ্ড ও পরবর্তীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
হঠাৎ লাগা আগুন নেভাতে এবং ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার অভিযান পরিচালনার সময় এই মারাত্মক বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (FDNY) ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, স্টেটিন আইল্যান্ড বরোর রিচমন্ড টেরেসা এলাকার একটি বড় মেটাল স্ট্রাকচারের বেসমেন্টে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে দুইজন ল্যাব বা গ্যারেজ কর্মী আটকে আছেন—এমন জরুরি বার্তা পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু উদ্ধারকারীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে ভবনের ভেতরে ও চারপাশে তল্লাশি চালাচ্ছিলেন, ঠিক তখনই হঠাৎ সেখানে এক শক্তিশালী ও প্রলয়ঙ্করী দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।
দুই দমকলকর্মীর অবস্থা আশঙ্কাজনক
বিস্ফোরণের তীব্র শক ওয়েভ বা আঘাত তরঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের সদস্যরা মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে দুই দমকলকর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের একজন ফায়ার মার্শাল, যার কানের পাশের মাথার হাড় (স্কাল) ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন ব্লিড) শুরু হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের (ইন্টুবেশন) মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর আহত অন্য দমকলকর্মীর অবস্থাও আশঙ্কাজনক ছিল, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার।
মেয়র জোহরান মামদানির বক্তব্য
এই ভয়াবহ দুর্ঘটনার পর নিউইয়র্কের নবনিযুক্ত মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, “এটি ছিল অত্যন্ত জটিল ও দ্রুত পরিবর্তনশীল একটি জরুরি পরিস্থিতি। আমাদের ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা বরাবরের মতোই নিজেদের জীবনের তোয়াক্কা না করে সাহসিকতার সাথে বিপদের দিকে ছুটে গিয়েছিলেন, যাতে অন্য সাধারণ মানুষরা নিরাপদে বের হয়ে আসতে পারেন।”
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন বেসামরিক নাগরিক। তবে দুর্ঘটনাস্থলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তার পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। মেয়র মামদানি আরও জানান, ফায়ার সার্ভিসের ২০০-রও বেশি সদস্য রাত পর্যন্ত ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পরপরই এই ভয়াবহ বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।