
জনপদের খবর সোমবার, ৮ জুন ২০২৬ | সময়: ০৩:২৫ পিএম
সচিবালয় প্রতিনিধি:
ঢাকা: দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনীকে আরও বেশি ‘বুস্ট আপ’ বা গতিশীল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশ বাহিনী কতটুকু কঠোর পরিশ্রম এবং আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে তা জানাতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। ভালো কাজের স্বীকৃতি কাজের গতি ও সততা বাড়ায় উল্লেখ করে তিনি বলেন, “আমরা মাঠ পর্যায়ের ভালো কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চাইছি। এতে করে পুলিশ সদস্যরা আরও বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে এবং সম্পূর্ণ ন্যায়নিষ্ঠার সঙ্গে নিজেদের পবিত্র দায়িত্ব পালন করবে। অতীতে এমন বিশেষ উদ্যোগ আগে হয়েছে কিনা তা আমার জানা নেই। আমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা শতভাগ নিরপেক্ষ থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে।”
মন্ত্রী আরও জানান, সম্প্রতি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তিনটি ঘটনায় যারা অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আজ তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— বহুল আলোচিত রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততম সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্নকারী পুলিশ সদস্য, দৌলতদিয়ায় মাঝনদীতে নৌ পুলিশের অসাধারণ ও বীরত্বপূর্ণ ভূমিকায় প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধারকারী দলের তিনজন এবং মুন্সিগঞ্জের গণধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেফতার করা তিন পুলিশ সদস্য।
তিনি বলেন, “সবমিলিয়ে আজ আমরা বিভিন্ন ইউনিটের ১৫ জন পুলিশ সদস্যকে তাদের মেধা ও দক্ষতার স্বীকৃতি দিয়েছি। এতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল বহুলাংশে বৃদ্ধি পাবে।”
পুরস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বীকৃতিপ্রাপ্তদের আমরা সবাইকে বিশেষ পুরস্কারের তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা এবং সম্মাননা সনদ দিয়েছি। এছাড়া কাজের ধরন ও কৃতিত্বের ওপর ভিত্তি করে কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ ব্যাজও পরিয়ে দেওয়া হয়েছে।” অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন ভালো কাজের পুরস্কার ও মূল্যায়ন প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

মোঃ আল আমিন কাজী 



















