বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জনে অবশেষে শিলমোহর দিলেন অভিনেতা নিজেই। জানা গেছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে অত্যন্ত ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের চার হাত এক হতে চলেছে।
বিয়ের গুঞ্জনের অবসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আমির খান। সেখান থেকেই বৃহস্পতিবার ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিয়ের এই সুখবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমাদের বিয়ের খবরটি সম্পূর্ণ সত্যি। আগামী ৫ জুলাই আমরা বিয়ে করছি। আমরা দুজনেই অনুভব করেছি যে, সম্পর্কটিকে এবার পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে।”
কীভাবে শুরু এই প্রেমের? গৌরীর সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে ২০২৫ সালের মার্চ মাসে, নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে প্রথমবারের মতো জনসমক্ষে পরিচয় করিয়ে দেন আমির। অভিনেতা জানান, তাঁদের পরিচয় আজকের নয়, বরং প্রায় ২৫ বছরের পুরোনো। দীর্ঘদিনের সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে রূপ নিয়েছে।
সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে আমির জানিয়েছিলেন, “গৌরী এবং আমি অনেকটা অপ্রত্যাশিতভাবেই একে অপরের জীবনে ফিরে আসি। প্রথমে বন্ধুত্ব গড়ে ওঠে, আর তারপর আসে ভালোবাসা।” সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি আমির, বরং বিভিন্ন সাক্ষাৎকারে গৌরীর কথা অত্যন্ত সাবলীলভাবেই তুলে ধরেছেন।
কে এই গৌরী স্প্র্যাট? হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা গৌরী স্প্র্যাট লাইমলাইট থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করেন। বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী পেশায় একজন উদ্যোক্তা এবং লাইফস্টাইল বিশেষজ্ঞ। একসময় তিনি বেঙ্গালুরুর একটি স্বনামধন্য স্যালন ও বিউটি চেইনের ব্যবসা প্রসারের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ‘আমির খান প্রোডাকশন’-এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রতিষ্ঠানটির সৃজনশীল ও প্রশাসনিক নানা দিক দেখভাল করছেন।
ব্যক্তিগত জীবনে গৌরী এক সন্তানের জননী; আগের সংসারের তাঁর একটি সাত বছর বয়সী ছেলে রয়েছে। ঘনিষ্ঠজনদের মতে, পরিবার ও সন্তানই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার।
গৌরীর চমকপ্রদ পারিবারিক ইতিহাস গৌরীর পারিবারিক শেকড়ও বেশ ব্যতিক্রমী। তাঁর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন একজন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট চিন্তাবিদ। ১৯২০-এর দশকে তিনি ভারতে এসে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এর জেরে তাঁকে কারাবরণও করতে হয়। পরবর্তীতে তিনি ভারতেই স্থায়ী হন।
কেন একে অপরকে বেছে নিলেন তাঁরা? আমির খান একাধিকবার জানিয়েছেন যে, জীবনের এই পর্যায়ে এসে তিনি গৌরীর মাঝে এমন এক শান্তি, স্থিরতা এবং আন্তরিকতা খুঁজে পেয়েছেন, যা তাঁর খুব প্রয়োজন ছিল। অন্যদিকে, গৌরীর চোখে আমির কোনো ‘বলিউড সুপারস্টার’ নন, বরং তিনি তাঁকে একজন অত্যন্ত যত্নশীল, মানবিক এবং নির্ভরযোগ্য মানুষ হিসেবেই দেখেন।

মোঃ আল আমিন কাজী 

















