জনপদের খবর অনলাইন সংস্করণ | ঢাকা
তারিখ: শনিাবর, ১৩ জুন ২০২৬ | সময়: সকাল ৭:৫৫ টা
ক্রীড়া প্রতিবেদক: বিশ্ব ফুটবলের মহোৎসব ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এ নিজেদের প্রথম ম্যাচে শুভসূচনার লক্ষ্যে মাঠে নেমেছে অন্যতম স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর মাত্র কয়েক মিনিটের মাথায় এক আত্মঘাতী গোলের কল্যাণে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকেরা।
আজ শনিবার (১৩ জুন ২০২৬) বাংলাদেশ সময় সকাল ৭টায় মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়। গ্যালারিভর্তি হাজারো হোম সাপোর্টারদের গর্জনে মুখরিত স্টেডিয়ামে ম্যাচের বাঁশি বাজার পর থেকেই প্যারাগুয়ের ওপর চড়াও হয়ে খেলতে থাকে যুক্তরাষ্ট্র।
খেলার প্রথমার্ধের শুরুতেই তথা ম্যাচের ঠিক ৭ম মিনিটে স্বাগতিকদের দুর্দান্ত ও পরিকল্পিত এক আক্রমণ ঠেকাতে গিয়ে চরম বিপর্যয় ডেকে আনে প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্রের এক স্ট্রাইকারের নেওয়া জোরালো শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের ডি-বক্সে থাকা প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়ার পায়ে লেগে বলটি আকস্মিকভাবে নিজেদের জালেই জড়িয়ে যায়।
গোলরক্ষককে সম্পূর্ণ পরাস্ত করে বল জালে জড়ালে আত্মঘাতী গোলের এই বড় ধাক্কায় স্তব্ধ হয়ে পড়ে লাতিন পরাশক্তিরা। অন্যদিকে ১-০ গোলে এগিয়ে গিয়ে উল্লাসে মেতে ওঠে পুরো সোফি স্টেডিয়ামের গ্যালারি।
শুরুর এই ধাক্কা কাটিয়ে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে লড়ছে প্যারাগুয়ে। অন্যদিকে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে আক্রমণের ধার বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ খবর পাওয়া পর্যন্ত মাঠে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা চলছিল।

মোঃ আল আমিন কাজী 
















