
জনপদের খবর
শনিবার, ৬ জুন ২০২৬ | সময়: ১১:৩৫ এএম
স্টাফ রিপোর্টার: মোঃ আল আমিন কাজী,
ঢাকা: দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন এবং অত্যন্ত উদ্বেগজনক তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করে বলেছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবারের ডেঙ্গুর রূপ হতে পারে বেশ ভয়াবহ, যা ‘হেমোরেজিক’ ডেঙ্গু নামে পরিচিত। এই ধরনে আক্রান্ত রোগীদের শরীরে অন্যান্য জটিলতার পাশাপাশি অভ্যন্তরীণ রক্তক্ষরণেরও তীব্র আশঙ্কা রয়েছে। তাই সবাইকে আগে থেকেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ এক অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশার বিস্তার রোধে আগামী দুই থেকে তিনদিন পর থেকেই দেশজুড়ে বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “অভিযান চলাকালীন যেকোনো সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানে যদি ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যায়, তবে তার জন্য সংশ্লিষ্টদের কঠোর জরিমানা করা হবে।”
একই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি ডিএসসিসির একটি সাম্প্রতিক জরিপের তথ্য তুলে ধরে জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর এমন ভয়াবহ রূপের পূর্বাভাস আসায় সাধারণ মানুষকে নিজেদের বাড়িঘর এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফুলের টব, ছাদ বা টায়ারে জমে থাকা পানি দ্রুত অপসারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মোঃ আল আমিন কাজী 


















