জনপদের খবর অনলাইন সংস্করণ | ঢাকা
তারিখ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | সময়: সন্ধ্যা ৫:৫৬ টা
আন্তর্জাতিক ক্রীড়া ডেস্ক: গ্রেট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ শুরুর ঠিক আগমুহূর্তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শিবিরে তৈরি হয়েছে এক বিশাল বড় অনিশ্চয়তা ও উদ্বেগ। সেলেসাওদের সবচেয়ে বড় পোস্টার বয় ও মহাতারকা নেইমার জুনিয়র এখন কোথায় বা তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন—তা নিয়ে এখনো স্পষ্ট বা আনুষ্ঠানিক কোনো তথ্য মেলেনি। ফলে ফুটবল বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন—আসন্ন বিশ্বকাপে কি দেখা যাবে না নেইমারকে?
আগামী ১৪ জুন নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে আফ্রিকার পরাশক্তি মরক্কোর বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ট্রফি জয়ের অভিযান শুরু করবে ব্রাজিল। তবে সেই উদ্বোধনী ম্যাচে নেইমারের মাঠে নামা নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছে।
ব্রাজিলের দলীয় অনুশীলনে নিয়মিত এই ফরোয়ার্ডকে না দেখা যাওয়ায় সমর্থকদের উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেছে। এমনকি বিশ্বকাপের আগে দলটির সর্বশেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচেও মাঠে ছিলেন না এই অভিজ্ঞ তারকা। সম্প্রতি ব্রাজিলের নতুন হাইপ্রোফাইল কোচ কার্লো আনচেলত্তির জন্মদিন উদযাপনের সময়ও পুরো দল একসাথে থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না নেইমার। এই রহস্যময় অনুপস্থিতি নিয়ে কোচিং স্টাফ, সতীর্থ কিংবা ব্রাজিল ফুটবল ফেডারেশনের (CBF) কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত মে মাসের মাঝামাঝি সময়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে মাঠে ‘গ্রেড টু’ মাংসপেশির (হ্যামস্ট্রিং) গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। বিশ্বকাপের আগেই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এমন গুরুদায়িত্ব ও আশা নিয়েই মূলত আনচেলত্তি তাকে চূড়ান্ত দলে রেখেছিলেন।
তবে টুর্নামেন্ট শুরুর মাত্র ৩ দিন বাকি থাকলেও তিনি এখনো মূল মাঠের অনুশীলনে ফিরতে পারেননি। ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারকে সাইডবেঞ্চে বা মাঠের বাইরেই থাকতে হতে পারে। পরিস্থিতি যেভাবে যাচ্ছে, তাতে শুধু প্রথম ম্যাচই নয়, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও তাঁর অংশগ্রহণ নিয়ে এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। নেইমারের এই সম্ভাব্য অনুপস্থিতি ব্রাজিলের হেক্সা জয়ের মিশনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।

মোঃ আল আমিন কাজী 


















