রাজশাহী প্রতিনিধি, জনপদের খবর:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশের প্রতিটি স্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একক প্রার্থী সুনিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট করেছেন, বড় রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে একাধিক যোগ্য ব্যক্তির আগ্রহ থাকা স্বাভাবিক হলেও সাংগঠনিকভাবে সমন্বয় করেই দলের চূড়ান্ত একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, “বিএনপি দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল। এ কারণে যেকোনো নির্বাচনে দলের ভেতর থেকে একাধিক নেতার প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ পায়। তবে স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিভাজন বরদাশত করা হবে না। দল থেকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা হবে এবং সবাইকে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এর আগে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়া জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি নগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোঃ আল আমিন কাজী 








