নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:
দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি কিংবা কোনো ধরনের দখলদারিত্বে জড়ালে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার ঘোষণা দিয়েছে বিএনপি। সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
চাঁদাবাজদের বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে রুহুল কবির রিজভী বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা দখলবাজির মতো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং তদন্তে যদি এর প্রমাণ মেলে, তবে এক মুহূর্তও দেরি না করে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীর দায় দল নেবে না। বিএনপি সব সময় জনগণের অধিকার ও সমতার রাজনীতিতে বিশ্বাসী এবং দেওয়া অঙ্গীকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশব্যাপী খাল খনন কর্মসূচি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সরকার ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে।
সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে রিজভী বলেন, “বিরোধী দল ঢালাওভাবে ব্যর্থতার অভিযোগ তুললেও বাস্তবতা ভিন্ন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সরকারের উন্নয়ন সূচক বিশ্লেষণ করে ইতিবাচক মূল্যায়ন দিচ্ছে। সরকার বিজ্ঞানসম্মত ও পরিসংখ্যানভিত্তিক পরিকল্পনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
দলের জাতীয় কাউন্সিলের তারিখ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, কাউন্সিলের বিষয়টি নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা চলছে। তারিখ ও সময়সূচি চূড়ান্ত হওয়া মাত্রই তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম ও দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ আল আমিন কাজী 









