স্পোর্টস ডেস্ক, জনপদের খবর:
ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের বহুল প্রতীক্ষিত ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টায় মোনাকোর ঐতিহাসিক গ্রিমালদি ফোরামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৩৬ দলের এই ড্র সম্পন্ন হয়।
নতুন ফরম্যাটের এই লিগ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) পড়তে হয়েছে বেশ কঠিন পরীক্ষার মুখে। ফরাসি চ্যাম্পিয়নরা ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে আতিথ্য দেবে কোচ লুইস এনরিকের সাবেক ক্লাব বার্সেলোনাকে। এছাড়া ম্যানচেস্টার সিটি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলার মাঠে গিয়ে খেলতে হবে তাদের। সেস ফ্যাব্রিগাসের অধীনে চমক দেখিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া ইতালিয়ান ক্লাব কোমোর মাঠেও সফর করবে পিএসজি।
গত আসরের ফাইনালিস্ট আর্সেনালের জন্যও ড্র নিয়ে এসেছে কঠিন চ্যালেঞ্জ। গানারদের ঘরের মাঠে লড়তে হবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এছাড়া জার্মানির দুই পরাশক্তি বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখিও হতে হবে মিকেল আর্তেতার দলকে।
দীর্ঘ দুই বছর পর ইউরোপের শীর্ষ মঞ্চে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড লিগ পর্বেই মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের, যা ১৯৯৯ সালের ঐতিহাসিক ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনছে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরা কোচ হোসে মরিনহো মুখোমুখি হবেন তাঁর সাবেক ক্লাব ইন্টার মিলানের। স্প্যানিশ জায়ান্ট রিয়ালকে গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলতে লন্ডনে সফর করতে হবে।
এদিকে বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার বিপক্ষে। তাদের খেলতে হবে কোমোর মাঠেও। এছাড়া নবাগত দল আজারবাইজানের সাবাহর বিপক্ষে খেলতে সুদূর বাকুতে দীর্ঘ বিমান সফর করতে হবে কাতালান ক্লাবটিকে। লিভারপুলের ম্যাচগুলোর মধ্যে রয়েছে ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ ও ফেনারবাচে।
নবাগত চার দল ও টুর্নামেন্ট ফরম্যাট:
এবারের আসরে অভিষেক হচ্ছে চারটি নতুন ক্লাবের—ইতালির কোমো, অস্ট্রিয়ার এলএএসকে, নরওয়ের ভাইকিং এবং আজারবাইজানের চ্যাম্পিয়ন সাবাহ।
সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত সিডিং অনুযায়ী প্রতিটি দল চারটি হোম ও চারটি অ্যাওয়ে মিলিয়ে মোট আটটি ম্যাচ খেলবে। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচডের মধ্য দিয়ে শুরু হয়ে ২০২৭ সালের ২৭ জানুয়ারি শেষ হবে লিগ পর্ব। লিগ টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। ৯ম থেকে ২৪তম স্থানে থাকা ১৬টি দল প্লে-অফ খেলে শেষ ষোলোর বাকি আটটি স্থান পূরণ করবে। ২৫ থেকে ৩৬তম দলগুলো সরাসরি আসর থেকে বিদায় নেবে। এবারের আসরে অংশ নেওয়া ক্লাবগুলোর জন্য রেকর্ড প্রায় ২.৫ বিলিয়ন ইউরো প্রাইজমানি বরাদ্দ রাখা হয়েছে।

মোঃ আল আমিন কাজী 









