নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর ট্রলি ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ১২০ গ্রাম উচ্চমাত্রার মাদক কুশসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। অভিযানে তাঁদের কাছ থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ ছাড়াও দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন এবং দুটি বিমানের বোর্ডিং পাস জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ব্যাংকক থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঢাকায় আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় নামেন আব্দুল রহমান ও ইকবাল আনসারী। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানো হয়। পরবর্তীতে বিমানবন্দরে উপস্থিত সাক্ষী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের ট্রাভেল ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতরে কাপড়ের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশের প্যাকেট উদ্ধার করা হয়।
ডিএনসি কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এই মাদক আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে পাচার করা হচ্ছিল কি না এবং দেশের ভেতরে কারা এই চালানের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার দুই বিদেশি নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোঃ আল আমিন কাজী 









