বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জনপদের খবর:
পবিত্র ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উদযাপন উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার, গবেষক ও লেখক শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী।
মূল আলোচকের বক্তব্যে ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনচরিত্র, বিশ্বমানবতার মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠায় তাঁর সুমহান আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। দৈনন্দিন জীবনে নবীজির সুন্নাহ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে সীরাতের চর্চা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সততা, নিষ্ঠা ও চারিত্রিক দৃঢ়তার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন সীরাত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণ ও শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মোঃ আল আমিন কাজী 








