জনপদের খবর অনলাইন সংস্করণ | ঢাকা
তারিখ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | সময়: দুপুর ১:৪৯ মিনিট
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস আবারও তাদের বিখ্যাত ‘স্পাই ইউনিভার্স’-এ নতুন এক মাত্রা যোগ করল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে তাদের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘আলফা’র অফিশিয়াল টিজার। আর এই টিজারে প্রথমবারের মতো এক ভয়ংকর ও বিশেষভাবে প্রশিক্ষিত নারী ঘাতকের (অ্যাসাসিন) ভূমিকায় হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন বলিউড কুইন আলিয়া ভাট।
অ্যাকশন, আবেগ আর রহস্যের এক দারুণ মিশ্রণে তৈরি আলিয়ার এই নতুন চরিত্রটি ইতোমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা তৈরি করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘দ্য রেলওয়ে মেন’ খ্যাত পরিচালক শিব রাওয়াইল এবং এটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ওয়াইআরএফ (YRF) প্রধান আদিত্য চোপড়া।
প্রকাশিত টিজারে দেখা যায়, ছোটবেলা থেকেই কঠোর ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয় আলিয়ার চরিত্রটিকে। তার ১৮তম জন্মদিনেই তাকে জীবনের প্রথম হত্যার মিশন বা বড় দায়িত্ব দেওয়া হয়, যা থেকেই মূলত শুরু হয় তার এক বিপজ্জনক ও অন্ধকার যাত্রা। পুরো চরিত্রটির সঙ্গে যুক্ত রয়েছে ‘আলফা’ নামের একটি অত্যন্ত গোপন প্রোগ্রাম, যেখানে ভবিষ্যৎ যোদ্ধাদের তৈরি করা হয়।
এই সিনেমায় আলিয়া ভাট ছাড়াও গুরুত্বপূর্ণ ও নেতিবাচক চরিত্রে দেখা যাবে ‘অ্যানিমেল’ খ্যাত ববি দেওল এবং বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরকে। পাশাপাশি সিনেমার আরেক প্রধান নারী চরিত্রে রয়েছেন উদীয়মান তারকা শর্বরী ওয়াঘ, তবে তাঁর ভূমিকা নিয়ে নির্মাতারা এখনো রহস্য বজায় রেখেছেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘আলফা’ মূলত নারীকেন্দ্রিক একটি হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার সিনেমা। যেখানে দুই নারী চরিত্রের শারীরিক শক্তি, বুদ্ধিমত্তা ও মানসিক দৃঢ়তাকে কেন্দ্র করে মূল গল্প এগিয়েছে। উন্নতমানের ভিএফএক্স (VFX) এবং পোস্ট-প্রোডাকশনের কাজ নিখুঁত করার কারণে পূর্বনির্ধারিত মুক্তির তারিখ কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ জুলাই ২০২৬-এ বিশ্বব্যাপী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, সালমান খানের ‘এক থা টাইগার’ সিনেমা দিয়ে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং ‘টাইগার ৩’ এর মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে এটি বলিউডের সবচেয়ে সফল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। এবার সেই শক্তিশালী ইউনিভার্সে যুক্ত হতে যাচ্ছে আলিয়ার ‘আলফা’, যা ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।

মোঃ আল আমিন কাজী 






















