
জনপদের খবর
শনিবার, ৬ জুন ২০২৬ | সময়: ০৬:০১ পিএম
ধামইরহাট প্রতিনিধি,
নওগাঁ: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নওগাঁর ধামইরহাটে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ধামইরহাট পৌরসভার সার্বিক সহযোগিতায় এই বিশেষ অভিযান চালানো হয়।
ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।
এছাড়া পরিচ্ছন্নতা অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার। তাদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে অংশগ্রহণকারীরা রাস্তার আশপাশ, ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেন। তারা বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ফুলের টব, টায়ার বা পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন। বর্ষা মৌসুমের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

মোঃ আল আমিন কাজী 





















