কুড়িগ্রাম প্রতিনিধি, জনপদের খবর:
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত এলাকায় মধ্যরাতে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি এবং বিপুল পরিমাণ অপ্রচলিত মাদক ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা অবৈধ অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সফল অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে রামখানা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশিচৌকি (চেকপোস্ট) স্থাপন করা হয়। পরে বিজিবির একটি বিশেষ টহল দল পূর্ব রামখানা আশকোন নগর সীমান্তে কৌশলগত অবস্থান নেয়।
অভিযান চলাকালে ভারতের দিক থেকে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির সতর্ক উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের হাতে থাকা পলিথিনে মোড়ানো একটি ব্যাগ ফেলে দ্রুত দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে নিবিড় তল্লাশি চালিয়ে পলিথিনের ভেতর থেকে একটি সচল পিস্তল, এক রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক এক কেজি ওজনের স্ফটিকসদৃশ মাদক ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হচ্ছে। এ ছাড়া উদ্ধার হওয়া রাসায়নিক উপাদানটি নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “উদ্ধার হওয়া মাদকটি নিশ্চিত হতে রাসায়নিক পরীক্ষা চলমান রয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”




















