আন্তর্জাতিক ডেস্ক, জনপদের খবর:
অবৈধ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে ২০২৬ সালের সবচেয়ে বড় সাঁড়াশি অভিযান চালিয়েছে ফিলিপাইনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপাঞ্চলে পরিচালিত এ সমন্বিত অভিযানে ২৪৪ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে, যাদের সিংহভাগই চীনা নাগরিক। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর (বিআই) বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও অঞ্চলের জাম্বোয়াঙ্গা সিবুগাই এলাকার দুটি গোপন ঘাঁটিতে শুক্রবার যৌথ অভিযান পরিচালনা করে দেশটির সামরিক বাহিনী, পুলিশ ও অভিবাসন গোয়েন্দা বিভাগ। শনিবার রাতে অভিবাসন ব্যুরোর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযানের সামগ্রিক তথ্য প্রকাশ করা হয়।
বিবৃতি অনুযায়ী, প্রথম স্থাপনায় অভিযান চালিয়ে মোট ১১০ জন চীনা নাগরিক, দুজন কম্বোডিয়ান এবং হংকংয়ের এক নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে দ্বিতীয় স্থানে অভিযান চালিয়ে আরও ১৩১ জন বিদেশি কর্মীকে আটক করে নিরাপত্তা বাহিনী। দ্বিতীয় দফায় আটককৃতদের মধ্যেও অধিকাংশই চীনা নাগরিক ছিলেন। এ ছাড়া তাদের সঙ্গে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকও রয়েছেন।
অভিযানস্থল থেকে অনলাইন প্রতারণা ও অবৈধ নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ কম্পিউটার, ল্যাপটপ, একাধিক সার্ভার, কয়েকশ স্মার্টফোন এবং অসংখ্য সক্রিয় সিম কার্ড জব্দ করা হয়েছে।
অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মানবপাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে অপরাধ তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনি শাস্তি নিশ্চিত করা হবে। বাকি বিদেশি নাগরিকদের অবৈধভাবে বসবাসের দায়ে আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানোর প্রস্তুতি চলছে।
ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর প্রধান জোয়েল ভিয়াদো এ বিষয়ে বলেন, “ফিলিপাইনে অবস্থানের শর্ত ও ভিসা নীতিমালা লঙ্ঘনকারী যেকোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে আমাদের অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। ফিলিপাইনের মাটিকে কোনো আন্তর্জাতিক অপরাধী চক্র যেন অবৈধ সাইবার অপরাধ ও প্রতারণার নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার আপসহীন।”
উল্লেখ্য, মানবপাচার, অর্থপাচার, অনলাইন আর্থিক জালিয়াতি, অপহরণ ও সহিংসতার মতো গুরুতর অপরাধের সাথে জড়িয়ে পড়ার অভিযোগে ২০২৪ সালে ফিলিপাইন সরকার দেশটিতে পরিচালিত সমস্ত ‘ফিলিপাইন অফশোর গেমিং অপারেটর’ (পিওজিও) নিষিদ্ধ ঘোষণা করে। সেই নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় চলতি ২০২৬ সালে এটিই এখন পর্যন্ত পিওজিও-বিরোধী সবচেয়ে বড় ও সফল যৌথ অভিযান।
এদিকে অভিযানের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির পক্ষ থেকে ম্যানিলাস্থ চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





















