সাভার-আশুলিয়া প্রতিনিধি, জনপদের খবর:
ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও জাতীয় দৈনিক চৌকস পত্রিকার উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার অর্থ সচিব এবং দৈনিক চৌকস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব কলিম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাঁর আশু রোগমুক্তি কামনায় এই সভার আয়োজন করা হয়।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে কাঠগড়ায় অনুষ্ঠিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক চৌকস পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম নজরুল ইসলাম।
সভায় প্রধান বক্তা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব মো. জাহিদুল ইসলাম এবং ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক ও দৈনিক চৌকস পত্রিকার বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ)।
অনুষ্ঠানের শুরুতে অসুস্থ অর্থ সচিব আলহাজ্ব কলিম উদ্দিনের শারীরিক চিকিৎসার খোঁজখবর নেওয়া হয় এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, মানবাধিকার সুরক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বিশেষ এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য আল আমিন কাজী এবং সংস্থার ঢাকা উত্তর মহিলা বিষয়ক সম্পাদক আরিফিন আক্তার নেহা। এ ছাড়া স্থানীয় সংবাদকর্মী ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে অসুস্থ আলহাজ্ব কলিম উদ্দিনের উন্নত চিকিৎসা ও সুস্থতার বিষয়ে সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।




















