কেরানীগঞ্জ প্রতিনিধি, জনপদের খবর:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের রাজনৈতিক স্বার্থে তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফেরার হুংকার দিচ্ছেন না, বরং প্রতিবেশী দেশের রাজনৈতিক মহলই তাঁকে দিয়ে এসব কথা বলাচ্ছে; দেশে ফিরতে হলেও এখন তাঁকে দিল্লির অনুমতি নিয়েই আসতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “প্রতিবেশী দেশ মূলত নিজেদের ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থেই শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়ে ব্যবহার করছে। তিনি যদি লন্ডন কিংবা অন্য কোনো পশ্চিমা দেশে অবস্থান করতেন, তবে দিল্লির পক্ষে তাঁকে নিয়ে এভাবে রাজনৈতিক চাল খাটিয়ে ফায়দা নেওয়া সম্ভব হতো না।”
আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরে তিনি নাকি দেশে ফিরবেন। বাংলাদেশের সাধারণ মানুষও মনেপ্রাণে চায় তিনি দেশে ফিরে আসুন এবং তাঁর অতীতের কর্মকাণ্ডের বিচার হোক।”
কারাগারের প্রসঙ্গ টেনে তিনি আরও মন্তব্য করেন, “কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার অনেক আগেই চালু হলেও ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের মহিলা ইউনিটটি এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে সেখানে বন্দি রেখেই কেরানীগঞ্জের মহিলা কারাগার উদ্বোধন করা হবে।”
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আর্থিক অনুদান বিতরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





















