স্পোর্টস ডেস্ক:
অবশেষে অবসান ঘটল দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ প্রতিক্ষার। রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর এক মহাফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন। এর মাধ্যমে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার পর নিজেদের ফুটবলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের গৌরব অর্জন করল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় শ্রেষ্ঠত্বের এই অন্তিম লড়াইয়ে মুখোমুখি হয় দুই পরাশক্তি। পুরো টুর্নামেন্টজুড়ে ফেভারিট হিসেবে খেলা স্পেন ফাইনালেও তাদের সেই চেনা ও গোছানো ফুটবলের ধারাবাহিকতা বজায় রেখে শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে।
প্রথমার্ধে স্পেনের দাপট, প্রতিরক্ষায় ব্যস্ত আর্জেন্টিনা
ম্যাচের বাঁশি বাজার পর থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় স্প্যানিশরা। নিখুঁত পাসিং আর ট্যাকটিক্যাল ফুটবলে আলবিসেলেস্তেদের রক্ষণভাগকে তছনছ করে দেওয়ার চেষ্টা করে তারা। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তরুণ তারকা লামিন ইয়ামাল, তবে তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হন তিনি।
এরপর ১২তম মিনিটে স্পেন ম্যাচের প্রথম কর্নার আদায় করে নিলেও আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের দূরদর্শিতায় সে যাত্রা বিপদমুক্ত হয় স্কালোনির দল। খেলার প্রথম ৪৫ মিনিটে বল দখলের লড়াইয়ে স্প্যানিশরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনাকে কোণঠাসা করে রাখে। বিপরীতে পুরো প্রথমার্ধে লিওনেল মেসিদের কেবল প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে দেখা গেছে।
এনজোর লাল কার্ডে ১০ জনের দলে আর্জেন্টিনা
বিরতির পরও গোল আদায়ে আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয় স্পেন। তবে গোলবারের নিচে বারবার দেয়াল হয়ে দাঁড়ান আর্জেন্টিনার বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার বেশ কিছু দুর্দান্ত সেভের কারণে নির্ধারিত ৯০ মিনিটেও গোলমুখের তালা খুলতে পারেনি স্পেন।
তবে ম্যাচের আসল নাটকীয়তা জমা ছিল যোগ করা সময়ে। ৯০+৩ মিনিটে স্পেনের পাউ কুবারসিকে মারাত্মক ফাউল করে বসে বসায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার বিদায়ের পর ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের সবচেয়ে ক্রিটিক্যাল সময়ে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হওয়ায় স্কালোনির দলের ওপর মারাত্মক মানসিক ও শারীরিক চাপ তৈরি হয়।
অতিরিক্ত সময়ে তোরেসের জয়সূচক গোল
নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। একজন খেলোয়াড় বেশি থাকার সুযোগ নিয়ে ১০ জনের আর্জেন্টিনার ওপর আরও চেপে বসে স্পেন। অবশেষে ম্যাচের ১০৬তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ।
বক্সের বাইরে থেকে ভেসে আসা একটি বল দারুণ দক্ষতায় মাঠের সীমানার ভেতরে ধরে রাখেন নিকো উইলিয়ামস। বক্সের ভেতরে ফাঁকায় থাকা ফেররান তোরেস বলটি পেয়েই এক বুলেটগতির শটে আর্জেন্টিনার জাল কাঁপান। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় আর্জেন্টিনা, কিন্তু ১০ জনের দল নিয়ে স্পেনের বিশ্বমানের রক্ষণভাগ ভেদ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই বিশ্বজয়ের উৎসবে মেতে ওঠে স্প্যানিশরা।

মোঃ আল আমিন কাজী 



















