স্পোর্টস ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে একাই দাপট দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘গোল্ডেন বল’ মেসির হাতে না ওঠায় নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। এবার সেই বিতর্কে যোগ দিয়ে আগুনের সলতেয় ঘি ঢাললেন সুইডেনের কিংবদন্তি ফুটবল তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। মেসির জায়গায় রাদ্রির হাতে গোল্ডেন বল ওঠায় ক্ষোভ প্রকাশ করে ইব্রা দাবি করেছেন, বছরের পর বছর ধরে মেসিকে নিয়ে যে নানা কথা বলা হতো, এবার যেন রাতারাতি তা বদলে গেল।
‘মেসির আর কী করার ছিল?’
সাবেক বার্সেলোনা, ইন্টার মিলান, এসি মিলান ও পিএসজি তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ পুরস্কারের মানদণ্ড নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “বছরের পর বছর ধরে মানুষ রটিয়েছে যে মেসি নাকি ফিফার আদরের সন্তান। কিন্তু যখন তিনি আরও একটি অবিশ্বাস্য বিশ্বকাপ খেললেন, একক নৈপুণ্যে দলকে ফাইনালে তুললেন, তখন হঠাৎ করেই যেন মূল্যায়নের সব মাপকাঠি বদলে গেল।”
ক্ষুব্ধ ইব্রাহিমোভিচ আরও যোগ করেন, “যদি এমন একটি দুর্দান্ত টুর্নামেন্টের পরও রদ্রি গোল্ডেন বল জিতে থাকেন, তাহলে আমাকে বলুন—মেসির আর কী করা উচিত ছিল? তিনি নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন, প্রতিপক্ষের বক্সে সুযোগ তৈরি করেছেন, অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন এবং আবারও নিজের দেশকে ফাইনালে তুলেছেন। এর চেয়ে বেশি একজন ফুটবলারের পক্ষে আর কী করা সম্ভব?”
জনপ্রিয়তা ও রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই সুইডিশ ফরোয়ার্ড বলেন, “বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার সেই ফুটবলারেরই প্রাপ্য, যিনি পুরো টুর্নামেন্টে নিজের দলের ওপর সবচেয়ে বেশি ও গভীর প্রভাব রাখেন। এটি সস্তা জনপ্রিয়তা বা ফুটবল রাজনীতির বিষয় হওয়া মোটেই উচিত নয়। এমন অনবদ্য পারফরম্যান্সের পরও যদি মেসি সম্মাননা না পান, তবে ফুটবলের নীতি-নির্ধারকদের কাছে এর স্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত।”
মেসিকে নিয়ে দীর্ঘদিনের সমালোচনার প্রসঙ্গ টেনে ইব্রা বলেন, “মানুষ সবসময় বলত, ফিফা নাকি মেসিকে বাড়তি সুবিধা দেয়। অথচ যখন তিনি নিজ যোগ্যতায় এই পুরস্কারটি পাওয়ার সবচেয়ে বেশি দাবিদার ছিলেন, তখনই তাঁকে খালি হাতে ফিরতে হলো। ফুটবলের এই পরিহাস সত্যিই অবিশ্বাস্য ও মানা কঠিন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপে ট্রফি হাতছাড়া হওয়ার পর ব্যক্তিগত এই সর্বোচ্চ সম্মাননাও মিস করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মধ্যে জোর আলোচনা-সমালোচনা চলছে। একাংশের মতে, পুরো আসরে দলের ওপর একক প্রভাব বিচারে মেসিই ছিলেন সেরা। অপরদিকে স্প্যানিশ সমর্থকদের দাবি, শিরোপাজয়ী দল হিসেবে স্পেনের দলগত সাফল্য এবং মধ্যমাঠে রাদ্রির ধারাবাহিক পারফরম্যান্সকেই বিচারকেরা প্রাধান্য দিয়েছেন

মোঃ আল আমিন কাজী 



















