ক্রীড়া প্রতিবেদক:
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর সমীকরণ ক্রমশ জমে উঠছে। গ্রুপপর্বে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের দুর্দান্ত এক প্রত্যাবর্তনের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার শেষ ষোলোর লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে ইউরোপের দল নরওয়ে। আগামী ৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার মহালড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার গ্রুপপর্বের নাটকীয় লড়াই শেষে অফিসিয়ালি ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হয়। তবে ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান বলছে, শেষ ষোলোর এই ম্যাচটিতে কার্লো আনচেলত্তির শিষ্যদের জন্য মোটেও সহজ কোনো পরীক্ষা অপেক্ষা করছে না।
পরিসংখ্যানে ব্রাজিলের চেয়ে এগিয়ে নরওয়ে
ব্রাজিল ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি হলেও, নরওয়ের বিপক্ষে তাদের অতীত রেকর্ড একেবারেই ভালো নয়। ফুটবল ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত স্পষ্ট সুবিধাজনক অবস্থানে রয়েছে ইউরোপের দেশ নরওয়ে। আন্তর্জাতিক মঞ্চে এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এই দুই দল, যার একটিতেও জয়ের মুখ দেখেনি সাম্বার দেশ। চারবারের দেখায় ২টি ম্যাচে সরাসরি জয় পেয়েছে নরওয়ে, আর বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল আজ থেকে ২৮ বছর আগে, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। সেই আসরের গ্রুপ পর্বের ম্যাচে কিংবদন্তি বেবেতোর গোলে ব্রাজিল প্রথমে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তোরে আন্দ্রে ফ্লো এবং কেতিল রেকদালের দুর্দান্ত দুটি গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে রূপকথা লিখেছিল নরওয়ে।
দুই দলের বাকি তিনটি ম্যাচই ছিল প্রীতি ম্যাচ। ১৯৮৮ সালে প্রথম দেখায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এরপর ১৯৯৭ সালের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে নরওয়ে। আর দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০০৬ সালের আগস্টে, সেই ম্যাচটিও ১-১ গোলে ড্রয়ে শেষ হয়।
অতীত বনাম বর্তমান ফর্মের লড়াই
পুরোনো ইতিহাস বা পরিসংখ্যান যতই নরওয়ের পক্ষে কথা বলুক না কেন, বর্তমান দলের ফর্ম ও শক্তিমত্তা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী ব্রাজিল শিবির। টুর্নামেন্টের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের চিরচেনা ছন্দে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।
অন্যদিকে, নরওয়েও এবার ছেড়ে কথা বলার পাত্র নয়। বিশ্বসেরা স্ট্রাইকার আর্লিং হালান্ডের দূরন্ত নেতৃত্বে দীর্ঘদিন পর বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে দলটি এবং শুরু থেকেই তারা উপহার দিচ্ছে চোখধাঁধানো ও আক্রমণাত্মক ফুটবল।
ইতিহাসের পাতায় নরওয়ে অপরাজেয় থাকলেও, আগামী ৬ জুলাই নিউ জার্সির সবুজ গালিচায় মাঠের ৯০ মিনিটের পারফরম্যান্সই নির্ধারণ করবে— কারা টিকিট পাবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হয়, সেদিকেই তাকিয়ে এখন পুরো ফুটবল বিশ্ব।

মোঃ আল আমিন কাজী 


















