নিজস্ব প্রতিবেদক:
টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রাম নগরে এবার নতুন এক সংকট দেখা দিয়েছে। নগরের নিচু এলাকাগুলোতে প্লাবনের নোংরা ও দূষিত পানি বাসাবাড়ির ভূগর্ভস্থ জলাধারে (আন্ডারগ্রাউন্ড রিজার্ভার) মিশে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। এতে সংরক্ষিত পানি পান ও দৈনন্দিন ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে চট্টগ্রাম ওয়াসা।
আজ শুক্রবার (১০ জুলাই) এক জরুরি সতর্ক বার্তায় সংস্থাটি নগরবাসীকে অবহেলা না করে দ্রুত বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কার এবং জীবাণুমুক্ত করার বিশেষ পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যেকোনো স্বাস্থ্যঝুঁকি এড়াতে পানি অবশ্যই ফুটিয়ে পান করার অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম ওয়াসা’র জরুরি বার্তায় বলা হয়, সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে নগরের বেশ কয়েকটি এলাকায় প্লাবনের পানি গ্রাহকদের ভূগর্ভস্থ জলাধারে মিশে যাওয়ার ঘটনা ঘটছে। এর ফলে বাসাবাড়িতে সংরক্ষিত সুপেয় পানি মারাত্মকভাবে দূষিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই দূষিত পানি ব্যবহারের ফলে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে সব গ্রাহককে তাঁদের রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পাশাপাশি পানি পানের আগে তা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ওয়াসা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার বিষয়ে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ বা কারিগরি সহায়তার জন্য চট্টগ্রাম ওয়াসা’র সংশ্লিষ্ট বিভাগগুলো মাঠ পর্যায়ে সার্বক্ষণিক সেবা দেবে। এ সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা সহায়তার জন্য ওয়াসা’র নির্দিষ্ট মড (MOD) নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ওয়াসা’র জরুরি যোগাযোগের নম্বরগুলো হলো:
- মড-১: ০১৩২৪-৭১২৪৩১
- মড-২: ০১৩২৪-৭১২৪৩২
- মড-৩: ০১৩২৪-৭১২৪৪১১
- মড-৪: ০১৩২৪-৭১২৪২৪
টানা বৃষ্টিতে এমনিতেই চট্টগ্রামের জনজীবন স্থবির হয়ে পড়েছে। তার ওপর পানির এই দূষণ ঠেকাতে নগরবাসীকে নিজস্ব উদ্যোগে দ্রুত সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মোঃ আল আমিন কাজী 


















