রাজশাহী ব্যুরো, জনপদের খবর:
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলায় সমন্বিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি পৃথক সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে পরোয়ানাভুক্ত ৭৫ জন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার ৮৬ জন এবং সন্দেহভাজন প্রতিরোধমূলক ব্যবস্থায় ২ জনসহ মোট ১৭৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথকভাবে ১৯ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে অপরাধীদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও আলামত জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ২৬০ পিস ইয়াবা, ২৬২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ১১০ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ এবং একটি বার্মিজ চাকু।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় সর্বমোট ৬৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৩টি হত্যা মামলা, ১টি চুরির মামলা এবং অন্যান্য অপরাধে ৬৩টি মামলা রুজু হয়েছে। এ ছাড়া এ সময়ে ৪টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হলেও রেঞ্জজুড়ে কোনো ধরনের বড় ধরনের ডাকাতি, দস্যুতা, সাইবার অপরাধ কিংবা নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিতেও সক্রিয় ভূমিকা পালন করছে রেঞ্জ পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেবা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫ জন সাধারণ নাগরিককে তাৎক্ষণিক পুলিশি সেবা দেওয়া হয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে রেঞ্জের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ২ হাজার ৯৫৭ জন সেবাগ্রহীতাকে প্রয়োজনীয় আইনি ও পুলিশি সহায়তা প্রদান করা হয়েছে।





















