ময়মনসিংহ প্রতিনিধি, জনপদের খবর:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে পলাতক ও আত্মগোপনে থাকা ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি স্পষ্ট করে বলেন, সচেতন জনগণকে ঐক্যবদ্ধ রেখে রাজনৈতিকভাবেই সব ধরনের চক্রান্ত ও অপতৎপরতা মোকাবিলা করা হবে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসেনানী ও প্রবীণ বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “বর্তমানে দেশজুড়ে জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ এবং জাতীয় পর্যায়ে সমন্বিত খাল খনন কর্মসূচির মতো জনবান্ধব প্রকল্প পুরোদমে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ যখন অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পরাজিত ও আত্মগোপনে থাকা অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্তে লিপ্ত হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না; সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ময়দানেই তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।”
প্রয়াত নেতার অবদান স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, “সাইফুদ্দিন আহমেদ মনি ছিলেন জাতীয় রাজনীতির এক উজ্জ্বল সম্পদ। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তিনি রাজপথের প্রথম সারিতে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে নেতৃত্ব দিয়েছেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন।” এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আমান উল্লাহ আমান ঘোষণা দেন, স্থানীয় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কটি প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির নামে নামকরণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এর আগে আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ মহেশপুর গ্রামে পৌঁছে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত করেন, মোনাজাতে অংশ নেন এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
মরহুমের ছোট ভাই অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ খালেদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, সাবেক ছাত্রনেতা খন্দকার লুৎফর রহমান এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।





















