নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:
ঐতিহাসিক রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেলে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত এ বর্ণাঢ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ৫ থেকে ৬টি সুসজ্জিত নৌকা তাদের দলবল নিয়ে অংশ নেয়। কাঁসার ঘণ্টা আর বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো বুড়িগঙ্গা তীর। প্রতিযোগিতা উপভোগ করতে বিকেল থেকেই নদীর দুই পাড়ে হাজারো উৎসুক মানুষের ঢল নামে।
নৌকাবাইচ শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে মোশাররফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের দল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “বিগত দেড় দশকে আমাদের নিজস্ব লোকজ ঐতিহ্যকে তুলে ধরার মতো এমন চমৎকার উদ্যোগ দেখা যায়নি। এটি কেবল একটি সূচনা। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে এ ধরনের ঐতিহ্যবাহী উৎসব আয়োজন অব্যাহত রাখতে হবে।” পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য বুড়িগঙ্গাকেন্দ্রিক একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আয়োজক কমিটির পক্ষ থেকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, “দর্শকদের অভাবনীয় উপস্থিতি প্রমাণ করে মানুষ নিজস্ব ঐতিহ্যকে কতটা ভালোবাসে। বিপুল জনসমাগমের কারণে আয়োজনে কিছু সীমাবদ্ধতা তৈরি হলেও আগামীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় প্রতিবছর আরও বৃহৎ পরিসরে এ নৌকাবাইচ আয়োজন করা হবে।”
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার প্রাণ ও ঐতিহ্য ফিরিয়ে আনতে নাগরিক সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে এবং ঢাকার ইতিহাসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

মোঃ আল আমিন কাজী 



















