কালিয়াকৈর প্রতিনিধি, জনপদের খবর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ব্যস্ততম মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে নেমে অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে দূরপাল্লার যাত্রী, পরিবহন চালক ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল অধ্যুষিত মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন হাজার হাজার পোশাক শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হন। প্রায়ই এখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। গত বৃহস্পতিবারও সড়ক পার হতে গিয়ে এক ওষুধ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটে। একের পর এক প্রাণহানির ঘটনার প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধে নামেন। এর আগে একই দাবিতে মৌচাক স্কাউট স্কুলের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিল।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “মৌচাক দিয়ে প্রতিদিন অগণিত মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। দীর্ঘদিন ধরে ফুট ওভারব্রিজের দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। জীবন বাঁচাতে বাধ্য হয়েই আমরা আজ রাস্তায় নেমেছি।”
এ বিষয়ে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, মৌচাক পয়েন্টে ফুট ওভারব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় দ্রুত একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।
অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় হাইওয়ে পুলিশ। তারা আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়।
গাজীপুর কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আলী খান জানান, ফুট ওভারব্রিজের দাবিতে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন, যার ফলে কিছু সময় যান চলাচলে ব্যাঘাত ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মোঃ আল আমিন কাজী 



















