হেলাল শেখঃ
বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদারের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে তার সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল জেলা আওয়ামী লীগ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এবং বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহ্ আলমকে নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ তথ্য প্রকাশের অভিযোগ এনে এই অবস্থান নেন সংগঠনটির দায়িত্বশীলরা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম পেজে ফোরকানের ছবি যুক্ত করে এক বার্তায় জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফোরকান আলীর সাম্প্রতিক বক্তব্যগুলো সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তার আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না উল্লেখ করে নেতা-কর্মী ও সমর্থকদের ফোরকানের কোনো কথায় কর্ণপাত না করতে এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।
অনুরূপ মন্তব্য প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের আরেক সহ-সভাপতি মজিবুল ইসলাম টুকু জানান, সাবেক সংসদ সদস্য মো. শাহ্ আলমসহ দলের শীর্ষ নেতাদের হেয় প্রতিপন্ন করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরণের পোস্ট দেওয়া হচ্ছে। ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত ব্যক্ত করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক মিন্টু, সদস্য আবুল কালাম বালী, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমীন জাহান পলি এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টুটুল বাহাদুর। তারা সকলেই এই বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং দলীয় নেতা-কর্মীদের ফোরকানের সঙ্গে যেকোনো যোগাযোগ পরিহার করার অনুরোধ জানান।
এ ছাড়া বরিশাল-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের পিএস জসিম মোল্লা ফোরকান আলী হাওলাদারের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ফোরকান আলী তার নিজ এলাকায় অবস্থান করছেন না। বর্তমানে তিনি পাবনায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়ে ফোরকান আলী হাওলাদারের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মোঃ আল আমিন কাজী 


















