আবহাওয়া ও পরিবেশ ডেস্ক:
ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার আকাশ মেঘে ঢাকা, শুরু হয়েছে বৃষ্টি। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতে দিনের শুরু হওয়ায় সকালে কর্মস্থলগামী মানুষদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতিও কিছুটা ধীর হয়ে পড়েছে। ছাতা ও রেইনকোট নিয়েই আজ সকাল থেকে গন্তব্যে ছুটতে দেখা গেছে নগরবাসীকে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ ছাড়া ঢাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ সময় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকার তাপমাত্রা ও আর্দ্রতা
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল সোমবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশের আবহাওয়া পরিস্থিতি
দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মোঃ আল আমিন কাজী 


















