হেলাল শেখ, বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম কালজয়ী সৃষ্টি ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে ছোট পর্দার জন্য নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বেদের মেয়ে জোসনা’। গ্রামীণ আবহ ও লোকজ প্রেমের চিরন্তন আবেদনকে বর্তমান প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে নাটকটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মনোরম নদী তীরবর্তী ও প্রাকৃতিক গ্রামীণ পরিবেশে ধারাবাহিক নাটকটির প্রথম লটের দৃশ্যধারণ (শুটিং) সফলভাবে সম্পন্ন হয়েছে।
ধারাবাহিকটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা শফিক সাগর এবং এর প্রযোজনায় রয়েছেন রিপন মিয়া। নাটকটিতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আফজাল খান দোয়াল এবং নৃত্য পরিচালনায় রয়েছেন মিত্তুন রাজ।
নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রেবেকা, অভিনেতা রাজু সরকার, শহীদ চিশতী, রাকিব শিকদার, অভিনেত্রী শেফা, গোলজার খান, পারভিন মনি, ইফা মনি, লাবনী, হেলাল খান, তুহিন খান, বাহার উদ্দিন কামরুল, জুনিয়র দিলদার এবং প্রযোজক রিপন মিয়াসহ আরও অনেকে।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সংশ্লিষ্টরা জানান, শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক প্রচেষ্টা এবং স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রথম লটের কাজ বেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্মাতা ও প্রযোজনা দলের প্রত্যাশা, বাংলা চলচ্চিত্রের ঐতিহাসিক সেই আবেগ ও রোমাঞ্চকে নতুন নাট্যরূপের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব হবে এবং নাটকটি প্রচারে এলে সব শ্রেণির দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।

মোঃ আল আমিন কাজী 


















