বিনোদন ডেস্ক:
‘টোটাল একলিপ্স অফ দ্য হার্ট’, ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ এবং ‘ইটস আ হার্টেক’-এর মতো কালজয়ী গানের স্রষ্টা, কিংবদন্তি পপ গায়িকা বনি টাইলার আর নেই। গত বুধবার (৮ জুলাই) রাতে পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়েলসের এই সঙ্গীত আইকন।
অসুস্থতা ও বিদায়
বিবিসি-র বরাতে ‘নিউজ ডট এজেড’ জানিয়েছে, দক্ষিণ ওয়েলসের স্কিউয়েনের বাসিন্দা এই শিল্পী গত মে মাসে পর্তুগালে অন্ত্রের জরুরি অস্ত্রোপচারের পর ‘ইনডিউসড কোমা’ বা কৃত্রিমভাবে আচ্ছন্ন অবস্থায় ছিলেন। পরবর্তীতে কোমা থেকে ফিরে এলেও তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে শিল্পীর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, “আমরা শিগগিরই পরবর্তী বিবৃতি দেব, তবে আপাতত এই মর্মান্তিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।”
শোকস্তব্ধ সঙ্গীতজগত ও বাতিল হওয়া কনসার্ট
বনি টাইলারের মৃত্যুতে বিশ্বজুড়ে তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওয়েলসের মন্ত্রী জো স্টিভেন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গভীর শোক প্রকাশ করে বলেন, “বনি টাইলারের মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে। তিনি ছিলেন ওয়েলসের সঙ্গীত জগতের এক আইকন, গ্র্যামি ও ব্রিট পুরস্কার বিজয়ী এবং আমার কৈশোরের সুরের সঙ্গী।”
পাশাপাশি ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ ইয়োরওয়ার্থ তাকে এক ‘প্রকৃত আইকন’ আখ্যা দিয়ে এই খবরে গভীরভাবে শোকাহত বলে জানিয়েছেন।
কিংবদন্তি এই গায়িকার প্রয়াণে তার বেশ কিছু পূর্বনির্ধারিত শো বাতিল হয়ে গেছে। চলতি মৌসুমে ওরচেস্টারের সানশাইন ফেস্টিভ্যালসহ ইউরোপের কয়েকটি স্থানে এবং আগামী ১৭ ডিসেম্বর কার্ডিফের ইউটিলিটা অ্যারেনাতে তার কনসার্ট করার কথা ছিল।
সাধারণ মেয়ে থেকে বিশ্বতারকা হওয়ার গল্প
বনি টাইলারের প্রকৃত নাম গেনর হপকিন্স। ওয়েলসের নিথ-এর একটি সাধারণ কাউন্সিল হাউসে বেড়ে ওঠা এই প্রতিভাকে সোয়ানসির একটি ক্লাবে প্রথম আবিষ্কার করেন ট্যালেন্ট স্কাউট রজার বেল। ১৯৭৭ সালে তার প্রথম একক গান ‘লস্ট ইন ফ্রান্স’ প্রকাশিত হয়। ওই বছরই তার কান্ট্রি-পপ ঘরানার গান ‘ইটস আ হার্টেক’ যুক্তরাজ্যের সিঙ্গেলস চার্টে চতুর্থ এবং যুক্তরাষ্ট্রের ‘বিলবোর্ড হট ১০০’ তালিকায় তৃতীয় স্থান অধিকার করে তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।
ইতিহাস গড়া ‘টোটাল একলিপ্স অফ দ্য হার্ট’
১৯৮৩ সালে মুক্তি পায় বনি টাইলারের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় রক ঘরানার গান ‘টোটাল একলিপ্স অফ দ্য হার্ট’। আটলান্টিকের উভয় পাড়েই চার্টের শীর্ষে উঠে আসা এই জাদুকরী গানের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের চার্টে এক নম্বর স্থান অর্জনকারী প্রথম ওয়েলশ শিল্পী হওয়ার গৌরব অর্জন করেন।
চমকপ্রদ তথ্য হলো, নাটকীয় মেজাজের এই গানটির কথা লিখেছিলেন মিট লোফ-এর গীতিকার জিম স্টেইনম্যান। গানটির মূল শিরোনাম ছিল ‘ভ্যাম্পায়ারস ইন লাভ’, যা মূলত ‘নসফেরাতু’-র একটি মিউজিক্যাল সংস্করণের জন্য লেখা হয়েছিল। সেই গানই পরবর্তীতে বনি টাইলারের জাদুকরী কণ্ঠে অমরত্ব লাভ করে, যা যুগ যুগ ধরে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে তাকে বাঁচিয়ে রাখবে।

মোঃ আল আমিন কাজী 


















