নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর: ময়মনসিংহ: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় গৌরীপুর উপজেলা পাবলিক হলে এই সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভা মঞ্চে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিবৃন্দ আসন গ্রহণ করলে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং গৌরীপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার।
নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার বলেন, “দলকে শক্তিশালী করতে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,
“গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০১ শয্যা বিশিষ্ট আধুনিকায়নের নির্মাণ কাজ অচিরেই শুরু হবে। টিআর ও কাবিখার প্রকল্প যারা পেয়েছেন, তাদের নির্মাণ কাজ অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। এছাড়া, শিশুদের সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য আমি আমার নিজস্ব অর্থায়নে গৌরীপুরে একটি পার্ক নির্মাণ করে দেব।”
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদরের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন, “গৌরীপুরবাসী ভালোবেসে ইঞ্জিনিয়ার ইকবালকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও যোগ্যতায় সন্তুষ্ট হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছেন। এতে গৌরীপুরবাসীর মতো আমরাও অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. আবদুর রহমান বাবুল, অ্যাডভোকেট আবদুস ছোবান সুলতান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল হক, ভিপি শামসুল হক (শামসু), পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান কবীর হিরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা মো. আতাউর রহমান তারা মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরুজ্জামান সোহেল এবং গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান আল আমিনসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৩ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন ও স্বাক্ষর করা হয়। পরবর্তীতে ২০ মে ওই কমিটি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। দীর্ঘ এক বছর পর আজ এই নতুন কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও মতবিনিময় সভা অত্যন্ত সাবলীল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো।

মোঃ আল আমিন কাজী 



















