নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দীর্ঘ লড়াইয়ের পর আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। দেশে এখন নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আর এই সম্ভাবনাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করবে।”
আজ রবিবার (২ আগস্ট) ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জোর
আইনজীবীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “একটি বিষয় আপনারা সব সময় দৃঢ়ভাবে ধরে রাখবেন, সেটি হলো—রুল অব ল এবং জাস্টিস বা ইনসাফ। এই দুটি বিষয় যদি আমরা ঠিকমতো ধরে রাখতে পারি, তবে সমাজকে আমরা অনেক দূর এগিয়ে নিতে পারব। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বিগত সময়ে আমরা দীর্ঘকাল এ জিনিসগুলো থেকে বঞ্চিত ছিলাম।”
সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, “আমরা ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। কোনো পক্ষপাতিত্ব নয়, আমরা দেশে সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।”
প্রভাবমুক্ত বিচার বিভাগ ও দক্ষ প্রশাসনের গুরুত্ব
রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভের সংস্কার ও উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা যদি একটি প্রভাবমুক্ত বিচার বিভাগ (জুডিশিয়ারি) তৈরি করতে পারি, তবে সাধারণ নাগরিকরা সরাসরি এর সুফল পাবে। তেমনিভাবে প্রশাসনকে যদি একটি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তোলা যায়, তবে রাষ্ট্র ব্যাপকভাবে উপকৃত হবে।”
এ ছাড়া সংসদীয় কাঠামোর কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “পার্লামেন্টের কমিটিগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে কার্যকর করতে পারি, তাহলে দেশে গণতন্ত্র আরও অনেক দূর এগিয়ে যাবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির বিভিন্ন স্তরের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোঃ আল আমিন কাজী 


















