হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল হোসেন মোল্লা ও ঢাকা জেলা যুবদল নেতা আতিকুর রহমান উজ্জ্বলকে কাফনের কাপড়, গোলাপজল ও একটি বিদেশি পিস্তলের গুলি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৮ আগস্ট ২০২৬) ফজরের নামাজের পর আশুলিয়ার জামগড়া ইসমাইল হোসেন মোল্লার বাড়ির ঘরের দরজার সামনে একটি চিঠির সঙ্গে কাফনের কাপড়, গোলাপজল ও একটি গুলিসহ চিঠিতে হুমকিমূলক বার্তা রেখে দেওয়া হয়েছে।
এ ঘটনার পর বিএনপি নেতা হাজী ইসমাইল মোল্লা ও তার জামাই যুবদল নেতা উজ্জ্বলসহ পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন তারা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেম্বার পদপ্রার্থী হাজী ইসমাইল হোসেন মোল্লা বলেন, “আমি রাজনীতির পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই এ ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে মনে করছি। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, খবর পেয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কদ্দুস এর সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এই হুমকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ আল আমিন কাজী 


















