নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর: বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তি ও হঠকারিতার পথ পরিহার করে গঠনমূলক দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজপথে বিশৃঙ্খলা ও ভাঙচুর করার রাজনীতি এ দেশের মানুষ আর সমর্থন করে না।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অতীতে স্বৈরাচারী শক্তি মিথ্যে, বিভ্রান্তি ও ভাঙচুরের রাজনীতি কায়েম করেছিল। বিরোধী দলগুলোর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, জনগণের সামনে যে প্রতিজ্ঞা আপনারা করেছেন, তা বাস্তবায়নে আপনাদের থলেতে কী পরিকল্পনা রয়েছে তা তুলে ধরুন। ভাঙচুর নয়, জনগণের কার্যকর উপকারে আসে এমন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সামনে আসার আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকট মোকাবিলার রোডম্যাপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী ২৭ তারিখে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে দেশের আগামী ১০ বছরের জ্বালানি নিরাপত্তা ও সমাধান পরিকল্পনা জাতির সামনে পেশ করা হবে।
বিরোধী দলগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে যদি কারও কাছে ৩ থেকে ৬ মাসের কার্যকর ও বাস্তবায়নযোগ্য কোনো বিকল্প প্রস্তাব থাকে, তবে সরকার তা সানন্দে গ্রহণ করবে। কিন্তু শুধুই মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা বক্তব্য দিলে তাদের জনগণের কাঠগড়ায় ক্ষমা চাইতে হবে।
স্বাস্থ্য খাতের উন্নয়ন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী ৫ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটি হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। এর ফলে তৃণমূলের মানুষ, বিশেষ করে মা ও শিশুরা নিজ এলাকাতেই উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। অতীতের মতো যেন কাউকে চিকিৎসার জন্য বিদেশে ছুটতে না হয়, সে লক্ষ্যে দোরগোড়ায় সেবা নিশ্চিত করছে সরকার।
তিনি আরও উল্লেখ করেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে সাধারণ শ্রমিকের পরিবর্তে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য। পদ বা প্রাপ্তি নয়, দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারাকেই বড় সার্থকতা হিসেবে উল্লেখ করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের ধারায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

মোঃ আল আমিন কাজী 



















