হেলাল শেখ,
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদক ও গোলাগুলিসহ একাধিক মামলার পলাতক আসামি মো. মুস্তাকিম ওরফে ‘গালকাটা মুস্তাকিম’-কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা সংলগ্ন ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুস্তাকিম স্থানীয় জামগড়া এলাকার মো. জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে। পুলিশের দাবি, সে ওই এলাকার একজন চিহ্নিত অপরাধী।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে যে জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় অপরাধমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একদল চিহ্নিত সন্ত্রাসী সংঘবদ্ধ হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে জামগড়া পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সহযোগীরা কৌশলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মুস্তাকিমকে হাতেনাতে আটক করা হয়। পালিয়ে যাওয়া বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মুস্তাকিমের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মোঃ আল আমিন কাজী 



















