নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চলমান নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫৫টি নতুন মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত সাঁড়াশি অভিযানে ডিএমপির ৮টি অপরাধ বিভাগসহ বিশেষায়িত ইউনিটের হাতে এসব অপরাধী গ্রেপ্তার হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৫৩ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া মতিঝিল বিভাগে ৬১, তেজগাঁওয়ে ৫৯, গুলশানে ৪৯, ওয়ারীতে ৪৭, উত্তরা বিভাগে ৪১, লালবাগে ৩৩ এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে বিশেষ অভিযানে ডিবি পুলিশ ১০ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৬ হাজার ২২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১ কেজি গাঁজা।
এছাড়া অপরাধে ব্যবহৃত একটি সুইচগিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকিটকি, একটি ওজন মাপার ডিজিটাল যন্ত্র, ১৯টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম কার্ড ও নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে। একই অভিযানে পুলিশ এক অপহৃত ভুক্তভোগীকেও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর প্রতিটি এলাকায় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ আল আমিন কাজী 



















