অর্থ ও বাণিজ্য ডেস্ক, জনপদের খবর:
রংপুর অঞ্চলের বিপুল কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রক্রিয়াজাত শিল্প স্থাপন ও নতুন বিনিয়োগ আকর্ষণের জোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, অর্থনীতিবিদ ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে স্থানীয় শিল্পের বিকাশে সহজ শর্তে ঋণ প্রাপ্তি, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ, উন্নত সড়ক যোগাযোগ ও লজিস্টিকস সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি রংপুর শহরের আরডিআরএস গেস্ট হাউসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের শিল্প জরিপ’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় এসব মতামত তুলে ধরা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, রংপুর বিভাগের অর্থনীতি মূলত কৃষিনির্ভর হলেও প্রক্রিয়াজাতকরণের অভাবে অনেক সম্ভাবনা এখনও কাজে লাগানো যায়নি। বিশেষ করে আলু, ভুট্টা, আম, লিচু ও ড্রাগন ফলের মতো উৎপাদিত কৃষিপণ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মূল্য সংযোজন করে প্রক্রিয়াজাত খাদ্য তৈরি ও তা বিদেশে রপ্তানি বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে। এছাড়া দিনাজপুরের পার্বতীপুরে বেবি কর্ন, গাইবান্ধায় আনারস প্রক্রিয়াজাতকরণ এবং বৃহৎ পরিসরে রাইস ব্র্যান তেল উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, দেশের শিল্প ও বিনিয়োগের প্রকৃত চিত্র নিরূপণ এবং উপযুক্ত কৌশল নির্ধারণে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা অপরিহার্য। সংস্থাটির প্রোগ্রাম পরিচালক জুবায়ের হোসেন জানান, এই জরিপে দেশি, বিদেশি ও যৌথ উদ্যোগের প্রতিষ্ঠানসমূহকে অন্তর্ভুক্ত করে আঞ্চলিক বৈষম্যের দিকগুলোও স্পষ্টভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
এডিবির পাবলিক সেক্টর ইকোনমিস্ট তাসনিম আলম উল্লেখ করেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় উত্তরাঞ্চলের মতো কৃষিসমৃদ্ধ অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাত শিল্পে দ্রুত বিনিয়োগ বাড়াতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকত আলী আলু ও ভুট্টার বহুমুখী ব্যবহার বাড়ানো এবং স্থানীয় হিমাগার সংকট দ্রুত নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।
বিডার নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির বলেন, ‘ইনভেস্ট বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত সব ধরনের সেবা ওয়ান-স্টপ প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। এই শিল্প জরিপ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক বিনিয়োগের বাস্তব রূপরেখাও তৈরি করবে।
কর্মশালায় স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদের হার কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, দ্রুত কনটেইনার ডিপো স্থাপন এবং রপ্তানি বহুমুখীকরণে কার্যকর নীতি সহায়তার দাবি জানান। পাশাপাশি রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি, বেনারসি ও কুটিরশিল্পের পুনরুজ্জীবন, নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন সহজ ঋণ সুবিধা এবং উত্তরাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া চিনিকল ও বস্ত্রকলগুলো পুনরায় চালুর সম্ভাব্যতা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

মোঃ আল আমিন কাজী 



















