নিজস্ব প্রতিবেদক, জনপদের খবর:
রাজধানীর প্রাচীন জলধারা আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা, স্বাভাবিক পানির প্রবাহ ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকালে সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেল এলাকায় এই সমন্বিত পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে দীর্ঘদিনের পুঞ্জীভূত ময়লার ভাগাড় অপসারণ করে এর আদি রূপ পুনরুদ্ধারের উদ্যোগ নিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পানিপ্রবাহ পুনরুদ্ধার এবং তীরবর্তী এলাকার সৌন্দর্যবর্ধনে মাঠে নেমেছে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা।
অভিযান শুরুর প্রাক্কালে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী সদস্যসহ উপস্থিত সকল অংশীজনকে পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
উল্লেখ্য, ঢাকার অন্যতম ঐতিহাসিক জলধারা আদি বুড়িগঙ্গার মোট দৈর্ঘ্য প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার, যার প্রায় ১ হাজার ফুট অংশ দূরানী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত। ১৯৯০ সালে ঢাকা শহরকে বন্যার কবল থেকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের পর থেকে চ্যানেলটির স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে থাকে। পরবর্তীতে অবৈধ দখল ও নিয়মিত বর্জ্য ফেলার কারণে এটি বিশালাকার ভাগাড়ে পরিণত হয়। ২০২২-২৩ অর্থবছরে চ্যানেলটির সংশ্লিষ্ট অংশ দখলমুক্ত করা হলেও জমে থাকা বর্জ্যের কারণে দুর্গন্ধ, মশার উপদ্রব ও বর্ষায় তীব্র জলাবদ্ধতায় ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা।
বর্তমান সমন্বিত পরিকল্পনার আওতায় জমে থাকা বিপুল বর্জ্য অপসারণের পাশাপাশি ভবিষ্যতে দখল ও দূষণ রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, পরিচ্ছন্নতা শেষে চ্যানেলের প্রয়োজনীয় খননকাজের মাধ্যমে নাব্যতা ফেরানো হবে এবং খালের দুপাড়ে সাধারণ মানুষের হাঁটাচলা ও অবসর কাটানোর জন্য আধুনিক ওয়াকওয়েসহ নান্দনিক সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
কার্যক্রমের উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় রাজধানীসহ সারাদেশের খাল ও নদীগুলোকে বর্জ্যমুক্ত রাখা অপরিহার্য। ঢাকা জেলা প্রশাসন ও বিডি ক্লিনের এই যৌথ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করছি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই ঐতিহাসিক চ্যানেল তার স্বাভাবিক রূপ ফিরে পাবে।” একই সঙ্গে খালের টেকসই পরিবেশ বজায় রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

মোঃ আল আমিন কাজী 



















