হেলাল শেখ,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টা ২২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি সমন্বিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পুষ্পস্তবক অর্পণ পর্ব শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন। এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপ্রধান সরাসরি রাজধানীর মিন্টো রোডের বাসভবনে ফিরে যান।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানানো হয়েছে, নবনিযুক্ত রাষ্ট্রপতি রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করবে। সালাম গ্রহণ পর্ব শেষে তিনি বঙ্গভবনে তাঁর দাপ্তরিক কার্যালয়ে প্রবেশ করবেন।
উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির পরিচালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

মোঃ আল আমিন কাজী 


















